শেষ ষোলোতে ইংল্যান্ড-ইতালি-জাপান | চ্যানেল আই অনলাইন

শেষ ষোলোতে ইংল্যান্ড-ইতালি-জাপান | চ্যানেল আই অনলাইন

ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে সাউথ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ইংল্যান্ড। আরেক ম্যাচে চেক রিপাবলিককে ২-০ গোলে হারিয়েছে ইতালি। সাউথ আফ্রিকাকে বিপক্ষে ৩-০ গোলে জিতে পরবর্তী রাউন্ডে গেল জাপান। এছাড়া সেনাগালকে ১-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম আসরেই শেষ ষোলো নিশ্চিত করেছে উগান্ডা।

কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৮ নাম্বার পিচে মুখোমুখি হয় সাউথ কোরিয়া ও ইংল্যান্ড। ইংলিশদের হয়ে গোল করেন রিগান হেস্কি। ইংল্যান্ডের আরেকটি গোল আসে কোরিয়ান খেলোয়াড় হুই-সিওপ জংয়ের পা থেকে। ম্যাচের ৩৫ মিনিটে ব্র্যাডলি বারোয়েস অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হেস্কি।

অন্য ম্যাচে কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ১ নাম্বার পিচে চেক রিপাবলিকের বিপক্ষে ইতালির হয়ে গোল দুটি করেন অ্যান্টোনিও এরিনা এবং ভ্যালেরিও ম্যাকারনি। প্রথমার্ধে জালের দেখা পায়নি কোন দল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১ মিনিটে গোল করেন এরিনা। ৭৮ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকারনি।

আরেক ম্যাচে কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৩ নাম্বার পিচে জাপান ৩-০ গোলে জিতেছে। এশিয়ার দেশটির হয়ে তিনটি গোল করেন হিরতো আসাদা, মিনাতো ইয়োশিদা এবং শরতা ফুজি।

বিরতির আগে গোলের দেখা পায়নি সাউথ আফ্রিকা-জাপান। দ্বিতীয়ার্ধে শুরুর তিন মিনিটেই গোল করে জাপানকে এগিয়ে দেন হিরতো। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিনাতো। জাপানের হয়ে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ করেন শরতা ফুজি।

এদিকে কাতারের দোহার অ্যাসপায়ার জোনের ৭ নাম্বার পিচে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ উগান্ডা। প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেই শেষ ষোলোতে পৌঁছে গেছে দেশটি। ম্যাচের ১৪ মিনিটে আবুবাকালি ওয়ালুসিম্বির গোলে ইতিহাস গড়ে দেশটি।

Scroll to Top