শেষ হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড। আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল দুই গ্রুপের দুদল সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড। তৃতীয় দল হিসেবে শনিবার সেমির টিকিট কাটে নিউজিল্যান্ডও। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত।
আগামী বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে গড়াবে ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ভারত। দুই ম্যাচই গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। শেষ চারের ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে।
ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে গ্রুপ-১ থেকে জিম্বাবুয়ে বিদায় নেয়ার পর সাউথ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করে। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় প্রোটিয়ারা। ফলে গ্রুপ-১ থেকে শেষ চারের টিকিটের জন্য অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বড় সংগ্রহ পায় শাই হোপের দল। জবাবে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া।
অন্যদিকে গ্রুপ-২ থেকে শেষ চারে আগেই পা রেখেছিল ইংল্যান্ড। সুপার এইটের শেষ ম্যাচে কিউইদের হারিয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষ নিশ্চিত করে তারা। আর তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের তাকিয়ে থাকতে হয় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর।
সেমিতে ওঠার সুযোগ ছিল পাকিস্তানেরও। নিউজিল্যান্ডের সমান তিন পয়েন্ট নিয়েও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠতে পারত সালমান-ফারহানরা। কিন্তু দুই ম্যাচ হেরে আগেই আসর থেকে বাদ পরা লঙ্কানদের সঙ্গে জয় পেলেও বড় ব্যবধানে জিততে পারেনি পাকিস্তান। তাতে নেট রেটে এগিয়ে থেকে গ্রুপ-২ থেকে রানার্সআপ হিসেবে সেমি নিশ্চিত করে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড।
এক নজরে সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
৪ মার্চ: সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড (সন্ধ্যা সাড়ে ৭টা, কলকাতা)
৫ মার্চ: ইংল্যান্ড-ভারত (সন্ধ্যা সাড়ে ৭টা, ওয়াংখেড়ে)




