
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, ১১ ফেব্রুয়ারি – প্রবাসীদের নাগরিক সেবা প্রদান সহজ করতে ‘শুভেচ্ছা’ নামক মোবাইল অ্যাপ এবং যাতায়াত ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’ চালু করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই দুই ডিজিটাল সেবার কারিগরি ও ব্যবহারিক দিক তুলে ধরা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন চালু হওয়া ‘শুভেচ্ছা’ অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এটি প্রবাসীদের সঙ্গে দেশের সংযোগ এবং সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে। অন্যদিকে উৎসবের সময়সহ সারা বছর বাস, রেল ও বিমান যাত্রায় টিকেট কালোবাজারি ও অনিয়ম রোধে কাজ করবে ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম।
দুটি প্ল্যাটফর্মের সফল যাত্রায় সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে নাগরিকদের কোনো ভোগান্তি ছাড়াই সরকারি সেবা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই উদ্যোগকে একটি সূচনা হিসেবে অভিহিত করে তিনি এর পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে পরবর্তী সময়ে নির্বাচিত সরকারগুলো এই জনবান্ধব ডিজিটাল উদ্যোগ দুটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬





