কাজ করতে হবে না, দিতে হবে না কোনো পরীক্ষা। নাচ, গান কিংবা শারীরিক কসরতেরও প্রয়োজন নেই- শুধু ঘুমিয়েই জেতা যাবে লাখ লাখ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক ব্যতিক্রমী প্রতিযোগিতা ঘিরে চলছে আলোচনা।
প্রতিযোগিতার নিয়মও বেশ মজার।
কে কত দ্রুত গভীর ঘুমে যেতে পারেন, ঘুমের মান কেমন এবং কতক্ষণ ঘুমিয়ে থাকেন- এসব বিষয় পর্যবেক্ষণ করেই নির্ধারণ করা হবে বিজয়ী। প্রতিযোগীদের ঘুমের ধরন পর্যবেক্ষণে ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র। কেউ কেউ আবার সঙ্গে নিয়ে আসেন প্রিয় নরম পুতুল, যাতে ঘুমটা হয় আরও আরামদায়ক।
জাপানের একটি বিছানা নির্মাতা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতার আয়োজন করে। অনিদ্রা ও ঘুমের ঘাটতি জাপানের মানুষের জন্য একটি বড় সমস্যা। দেশটির অসংখ্য মানুষ পর্যাপ্ত ঘুমাতে পারেন না। ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির তৈরি বিছানায় কত দ্রুত ভালো ঘুম আসে, তা তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রতিযোগিতার পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত পাওয়ার কথা বলা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, এমন সহজ প্রতিযোগিতায় অংশ নিতে চান তারাও। আবার কারও প্রশ্ন, ঘুমের মধ্যেও যদি প্রতিযোগিতা করতে হয়, তাহলে আরামটা কোথায়!


