শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, দেশের নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় নরেন্দ্র মোদী সরকারের বিদায়ের সময় এসে গেছে।

রাহুল

শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দেশজুড়ে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাহসিকতার প্রশংসা করেন।

রাহুল গান্ধী বলেন, গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষার জন্য যারা রাজপথে নেমে আন্দোলন করেছেন, তাদের প্রত্যেকের জন্য তিনি গর্বিত। তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সম্ভব হয়েছে।

কংগ্রেস নেতা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ভারতের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের সমালোচনা করে তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তবে রাহুলের মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের সব দাবি পূরণ হয়নি। তিনি বলেন, এখনো সরকারের কাছে শিক্ষার্থীদের দুটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে।

প্রথমত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের শিক্ষার্থী ও তরুণদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

রাহুল গান্ধী আরও বলেন, কৃষক, শ্রমিক, দরিদ্র এবং সরকারের বিভিন্ন নীতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কংগ্রেস সবসময় থাকবে। তার ভাষায়, সত্যিকারের সাহস হলো ভয়কে উপেক্ষা করে সাংবিধানিক উপায়ে নিজের অধিকার ও মর্যাদার জন্য সংগ্রাম করা।

সবশেষে তিনি দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।

Scroll to Top