শিউলি এখন আগের থেকে ভালো আছে | চ্যানেল আই অনলাইন

শিউলি এখন আগের থেকে ভালো আছে | চ্যানেল আই অনলাইন

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অবশ্য তার আগের দিন দলের অবস্থা ছিল বাজে। ডিফেন্ডার শিউলি আজিমের মা মারা যাওয়ায় বাংলাদেশ অনুশীলনও বাতিল করেছিল। তবে শিউলি আপাতত ভালো আছে বলে জানিয়েছেন দলের সহকারী কোচ আবুল হোসেন।

সেমিফাইনালের পর বাংলাদেশ দল মাঠে কোনো কিছু করেনি। সবাই পুনর্বাসন করতে বিশ্রাম নিয়েছে। বিকেলে বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেনের ভিডিও পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানেই এসব কথা জানান বাংলাদেশের এ কোচ।

শিউলির সার্বিক পরিস্থিতি জানাতে আবুল হোসেন বলেন, ‘এখন দলের অবস্থা অবশ্যই ভালো। কারণ গতকালকে আমরা একটা ভালো ম্যাচ খেলেছি। ম্যাচ খেলে আমরা ফাইনালে উঠেছি।’

‘শিউলীও একটু উজ্জীবিত আছে। শিউলীকে সবাই আমরা সমবেদনা জানিয়েছি এবং তার মার প্রতি উৎসর্গ করেছি ম্যাচটা জেতার পর। যার কারণে শিউলী এখন একটু ভালো আছে। শিউলী ভালো মানে আমাদের দলের সবাই উজ্জীবিত আছে।’

দলের চোটের খবর জানাতে আবুল হোসেন বলেন, ‘আমাদের দলে তেমন একটা চোট নেই। শুধু একমাত্র মনিকা চাকমা গতকালকে ম্যাচের মধ্যে একটু ব্যথা পেয়েছে। মনিকাকে পর্যবেক্ষণে রেখেছি আমরা এবং ফিজিওতাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আগামীকাল সে অনুশীলন সেশনে যদি অংশগ্রহণ করে তাহলে বুঝা যাবে ভালো আছে।’

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ভারতের সাউথ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। বাংলাদেশ হ্যাটট্টিক শিরোপার মিশনে নামবে। অন্যদিকে, ভারত নামবে ষষ্ঠ শিরোপার জন্য।

সেমিফাইনালের প্রথম ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ভারত।

Scroll to Top