প্রসাধনসামগ্রীর ব্যবসা, নৈনিতালে হোমস্টে
অভিনয়ের বাইরেও নিজের পরিচয় তৈরি করেছেন ফারহিন। ভেষজ ও প্রাকৃতিক উপাদানে তৈরি ত্বক পরিচর্যার পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তিনি ন্যাচুরেন্স হারবালস নামের একটি অর্গানিক স্কিনকেয়ার প্রতিষ্ঠানের পরিচালক।
এ ছাড়া স্বামী মনোজের সঙ্গে নৈনিতালে ‘সেলিব্রিটি ক্রেস্ট’ নামে একটি হোমস্টেও পরিচালনা করেন তাঁরা বলে জানিয়েছে এবিপি লাইভ। অর্থাৎ অভিনয় থেকে দূরে থাকলেও ব্যবসা ও পারিবারিক জীবন নিয়েই তাঁর ব্যস্ততা।
‘বাজিগর’ ফিরিয়ে দেওয়ার আক্ষেপ ছিল
ফারহিনের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত শাহরুখ খানের ‘বাজিগর’ ফিরিয়ে দেওয়া। তবে ২০১৪ সালে মুম্বাই মিররকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের পেছনের কারণ পরিষ্কার করেছিলেন।
শাহরুখের বিপরীতে শিল্পা শেঠি যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রের প্রস্তাব এসেছিল ফারহিনের কাছেও। কিন্তু একই সময়ে কমল হাসানের সঙ্গে তামিল ছবি ‘কালাইগনান’–এ কাজের সুযোগ পান তিনি। দুটি ছবির শুটিংয়ের সময়সূচি মিলে যাওয়ায় একটি বেছে নিতে হয়েছিল। ফারহিন বেছে নিয়েছিলেন কমল হাসানকে।
সাক্ষাৎকারে ফারহিন বলেছিলেন, সে সময় কমল হাসানের সঙ্গে কাজ করার জন্য অনেক অভিনেতাই মুখিয়ে থাকতেন। তাই ‘বাজিগর’–এর বদলে ‘কালাইগনান’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
তবে পরবর্তী সময়ে শাহরুখের ‘বাজিগর’ যে ফারহিনের ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হতে পারত, সেটি নিয়ে দর্শকের কৌতূহল থেকেই গেছে। কারণ, ছবিটি মুক্তির পর শাহরুখের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। অন্যদিকে ফারহিনের অভিনয়জীবনও বেশি দূর এগোয়নি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

