
ঢাকা, ১৬ জুন – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইচপোর্ট।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এই আগ্রহের কথা জানান।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় এবং বহুমুখী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এর প্রেক্ষিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এভিয়েশন খাতের আধুনিকায়নের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
এনএন/ ১৬ জুন ২০২৬






