শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন! | চ্যানেল আই অনলাইন

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন! | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশী সিনেমায় সাম্প্রতিক সবচেয়ে সফল অভিনেতা-সংগীত পরিচালক জুটিগুলোর একটি নিঃসন্দেহে শাকিব খান ও প্রীতম হাসান! ‘লাগে উড়া ধুরা’ থেকে শুরু করে ‘চাঁদ মামা’; সর্বশেষ ‘জ্বালা জ্বালা’-একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন এই দুই তারকা।

শুধু জনপ্রিয়তাই নয়, শাকিব-প্রীতম জুটির গান মানেই যেন ইউটিউবে ১০০ মিলিয়ন ছাড়াচ্ছে!

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়া ধুরা’ গানটি মুক্তির পর থেকেই দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলে। গানটি ইউটিউবের গ্লোবাল চার্টেও জায়গা করে নেয় এবং বাংলা গানের ইতিহাসে অন্যতম বড় সাফল্যের নজির স্থাপন করে।

পাশাপাশি দুই বাংলা জুড়ে এই গান নতুন উন্মাদনা তৈরি করে। বিয়ে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; সবাই মেতে ওঠে লাগে উড়াধুরা-তে! বর্তমানে দুই চ্যানেল মিলিয়ে এই গানের ভিউ ৫০৩ মিলিয়নের বেশি!

অন্যদিকে, ২০২৫ সালের ‘বরবাদ সিনেমার ‘চাঁদ মামা’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গানটি সম্প্রতি প্রীতমের ইউটিউব চ্যানেল থেকে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, অন্যদিকে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউবে শত মিলিয়নের কাছাকাছি পৌঁছেছে ভিউ!

শুধু আলাদা গান হিসেবেই নয়, শাকিব খানের তুফান, বরবাদ সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই গানগুলো।

‘তুফান’-এর ক্ষেত্রে ‘লাগে উড়া ধুরা’ যেমন মুক্তির আগে ও পরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল, তেমনি ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’ও সিনেমাটির প্রচার ও দর্শক টানতে বড় ভূমিকা রাখে।

অর্থাৎ, গানগুলো কেবল ইউটিউবেই রেকর্ড গড়েনি, সিনেমাগুলোর জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

Scroll to Top