রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত কর্মসূচির কারণে মানুষের চলাচলের অসুবিধার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, দেখুন কত গাড়ি চলাচল করছে, মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। সে কারণে আমরা কর্মসূচিটি সংক্ষিপ্ত করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরকে সাহায্য–সহযোগিতা করতে হবে। একজন নাগরিক হিসেবে সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়ালে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
দেশ গঠনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটি কারও একার না। দেশটি যেমন কোনো সরকারের একার না, দেশটি যেমন কোনো রাজনৈতিক দলের একার না, দেশটি কোনো পরিবার বা কোনো ব্যক্তির একার না।’ তিনি বলেন, দেশটি বাংলাদেশে বসবাসকারী মানুষের; প্রত্যেকেই এই দেশের মালিক। তাই দেশকে গড়ে তুলতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে স্বচ্ছল মানুষের সংখ্যা বাড়ানো, কর্মসংস্থান তৈরি এবং শিক্ষা সুবিধা বৃদ্ধির চেষ্টা করবে। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিজ অবস্থান থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।



