
ওয়াশিংটন, ১৯ ফেব্রুয়ারি – আগামী শনিবারের মধ্যে ইরানে সম্ভাব্য সামরিক হামলা চালানো নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপত্তা কর্মকর্তারা প্রেসিডেন্টকে অবহিত করেন যে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই অর্থাৎ রবিবারের মধ্যে তারা ইরানে হামলা চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন।
হোয়াইট হাউজ বর্তমানে গভীরভাবে বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয় তবে ইরান এর প্রতিক্রিয়ায় কী ধরনের কঠোর ব্যবস্থা নিতে পারে। এছাড়া সম্ভাব্য এই হামলা পুরো মধ্যপ্রাচ্যে কী ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা পরিণতি বয়ে আনবে তা নিয়েও পর্যালোচনা চলছে।
একাধিক সূত্র জানিয়েছে মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভিত্তিতে কিছু মার্কিন সেনাকে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। যদি শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত গৃহীত হয় তবে সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই স্থানান্তর প্রক্রিয়া চলছে। সাধারণত বড় কোনো সামরিক অভিযানের আগে যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়।
তবে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর মানেই যে ইরানে এখনই নিশ্চিতভাবে হামলা চালানো হবে বিষয়টি তেমন নয় বলেও জানিয়েছে অন্য একটি সূত্র।
এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬




