লেগোর টুকরো দিয়ে একটি বিশ্বকাপ ট্রফি বানানোর চেষ্টা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি ছোট টুকরো ঠিক কোথায় বসাবেন, তা নিয়ে বেশ চিন্তিত তিনি। ঠিক সেই সময় ভিনিসিয়াস জুনিয়র লেগোর টিউটোরিয়াল বই দেখে দ্রুত সেই টুকরোটি ট্রফিতে বসিয়ে দেন।
পরক্ষণেই ভিনির কাছ থেকে ট্রফিটি নিজের কাছে নিয়ে নেন এমবাপ্পে। তিনি যখন ট্রফিটিতে লেগো বসাচ্ছেন, তখনই চেয়ার উল্টে অনেকটা নাটকীয়ভাবে সেখানে উপস্থিত হন লিওনেল মেসি। তবে মেসির হাতে ছিল তাঁর নিজের একটি ছোট লেগো মিনিফিগার। মেসিকে দেখে রোনালদো, এমবাপ্পে ও ভিনিও তাঁদের নিজেদের মিনিফিগারগুলো ট্রফিতে বসানোর চেষ্টা শুরু করেন। চার তারকার এই কাড়াকাড়ির ভিডিওটি দারুণ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ।

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিখ্যাত খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান লেগো (LEGO) বাজারে এনেছে বেশ কিছু কালেকশন। এই কালেকশনের একটি বিজ্ঞাপনে বেশ মজার সেই ভূমিকায় দেখা যায় ফুটবলের অন্যতম সেরা চার তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রকে।
এর আগেও বিশ্বকাপ ট্রফি ও ১ হাজার ৪৯৮টি ছোট টুকরোর একটি ফুটবল সেট বাজারে এনেছিল লেগো। সেই সেটের ভেতরে ছিল একটি ছোট স্টেডিয়ামও। তবে এবার সরাসরি ফুটবলারদের নিয়ে বিশেষ সেট তৈরি করেছে তারা। প্রথমবারের মতো এই চার খেলোয়াড়কে দেখা যাচ্ছে লেগোর মিনিফিগার রূপে। প্রতিটি সেট এমনভাবে তৈরি করা হয়েছে, যা এই খেলোয়াড়দের দীর্ঘ ক্যারিয়ার ও তাঁদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এছাড়া ফুটবল ভক্তদের জন্য এই সেটের ভেতর ছোট ছোট কিছু চমক লুকানো আছে।
ক্রিস্টিয়ানো রোনালদো এই নতুন লেগো সেট নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিদিন তো আর লেগো পুতুল হিসেবে নিজেকে দেখার সুযোগ হয় না। ফুটবলের আরও তিনজন সেরা খেলোয়াড়ের সঙ্গে এই লেগো সেটের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি চাই সারা বিশ্বের ফুটবল ভক্তরা এই লেগো সেটটি তৈরি করার মাধ্যমে আমার ফুটবল জীবনের গল্পগুলো জানুক।’

লেগোর এই সংগ্রহে ফুটবল ভক্ত ও সংগ্রাহকদের জন্য তিনটি আলাদা সেট রয়েছে। যা শিশু থেকে বড় সবাই পছন্দ করবে। প্রথম সেটটির নাম দেওয়া হয়েছে ফুটবল হাইলাইটস। এতে প্রতিটি খেলোয়াড়ের জীবনের বিশেষ কোনো মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। এই সেটগুলো তৈরি করা হয়েছে খেলোয়াড়দের নামের প্রথম অক্ষরের ওপর ভিত্তি করে। প্রতিটি সেটে সংশ্লিষ্ট খেলোয়াড়ের জাতীয় দলের জার্সি, তাঁর নম্বর ও একটি বিশেষ পরিচিতি ফলক রয়েছে। এছাড়া সেটটিকে আরও আকর্ষণীয় করতে ফুটবলারের একটি মিনিফিগার যুক্ত করা হয়েছে।

এছাড়া ফুটবল ভক্তদের জন্য লেগো এবার নিয়ে এসেছে ‘ফুটবল লিজেন্ড’ নামে দুটি বিশেষ সেট। এই সেটগুলো মূলত ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে নিয়ে তৈরি করা হয়েছে। যদিও এগুলো ১০ বছর বা তার বেশি বয়সীদের জন্য তৈরি। তবে আগের সেটের তুলনায় এগুলো কিছুটা বড় ও বিস্তারিতভাবে সাজানো। খেলোয়াড়দের ব্যক্তিত্ব ও তাঁদের খেলার ধরন যেন স্পষ্টভাবে ফুটে ওঠে, সেভাবেই এই লেগো মডেলগুলো ডিজাইন করা হয়েছে।
রোনালদোর জন্য তৈরি সেটটিতে ৮৫৪টি ছোট পিস রয়েছে। এটি দিয়ে রোনালদোর দুটি জনপ্রিয় ভঙ্গি তৈরি করা যায়। একটি হলো গোল করার পর তাঁর বিখ্যাত ‘সিউউউ’ উদযাপন। আর অন্যটি শূন্যে লাফিয়ে বাইসাইকেল কিক দেওয়ার দৃশ্য। এই সেটে একটি বড় CR7 লেখা ব্যাকড্রপ, তাঁর নামের একটি ফলক ও রোনালদোর মুখের আদলে তৈরি বিশেষ লেগো অংশ রয়েছে।

অন্যদিকে, মেসির সেটটি ৯৫৮টি লেগো টুকরো দিয়ে তৈরি। এটিও দুইভাবে সাজানো যায়। একটিতে মেসিকে গোল করার পর দুই হাত তুলে আকাশের দিকে আঙুল নির্দেশ করা অবস্থায় দেখা যায়, যা তাঁর চিরচেনা ভঙ্গি। অন্যটিতে দেখানো হয়েছে বল নিয়ে তাঁর দ্রুত দৌড়ানোর দৃশ্য। এই সেটে বড় করে ১০ নম্বর ও MESSI লেখা রয়েছে, সঙ্গে আছে তাঁর নামের একটি পরিচিতি ফলক।
লেগো সংগ্রহের শেষ চমক হলো লিওনেল মেসির সেলিব্রেশন সেট। এটি এই সংগ্রহের সবচেয়ে আকর্ষণীয় অংশ। এই সেটটি মূলত ১৪ বছর বা তার বেশি বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। কারণ এটি তৈরি করা কিছুটা জটিল। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তৈরির পর ঘরের দেয়ালে একটি থ্রিডি শোপিস হিসেবে ঝুলিয়ে রাখা যায়। ১ হাজার ৪২৭টি ছোট টুকরো দিয়ে তৈরি এই সেটে মেসিকে গোল করার পর দুই হাত তুলে আকাশের দিকে আঙুল নির্দেশ করা অবস্থায় দেখা যায়। এই মডেলে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সেটের ভেতরে তাঁর ফুটবল জীবনের নানা গুরুত্বপূর্ণ তথ্য ও ছোট ছোট চমক লুকিয়ে রাখা হয়েছে।


