চ্যাম্পিয়ন্স লিগ

মৌসুমে প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। উড়তে থাকা কাতালান ক্লাবটিকে থামাল পিএসজি। কোন হার বা ড্র ছাড়া লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা ১১ জয় ছিল স্প্যানিশ জায়ান্টদের। মঙ্গলবার রাতে দলটি হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে। এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জয় তুলেছে লিভারপুল। ফিল ফোডেনের হ্যাটট্রিকে এইকে অ্যাথেন্সকে ম্যানচেস্টার সিটি এবং স্লোভান ব্রাতিস্লাভাকে রোমা হারিয়েছে বড় ব্যবধানে। ৭ গোলের নাটকীয় ম্যাচে বোডো/গ্লিমটের বিপক্ষে জিতেছে নাপোলি।
প্যারিসে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৩৮ মিনিটে ডিজায়ার দুয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫৫ মিনিটে জাভি এসপার্টের গোলে সমতায় ফেরে বার্সা। ৭২ মিনিটে আবারও পিএসজি এগিয়ে যায়, গোল করেন লুকাস হের্নান্দেজ। ৭৯ মিনিটে লামিন ইয়ামালের গোলে আবারও স্কোর সমান করে কাতালান ক্লাবটি। ৮১ মিনিটে ভিতিনহা এবং ৮৬ মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
রাতের আরেক ম্যাচে ইতিহাদে এইকে অ্যাথেন্সকে ৫-১ গোলে হারিয়েছে স্বাগতিক ম্যানসিটি। ১২ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের গোলে লিড নেয় সিটি। ৩৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফোডেন। ৫২ মিনিটে স্তাভ্রোস পিলিওসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। ৫৭ মিনিটে রায়ান চেরকির গোলে ৩-১এ এগিয়ে যায় সিটিজেনরা। ৬৫ এবং ৭৬ মিনিটে পরপর দুটি গোলেে হ্যাটট্রিক পূর্ণ করেন ফোডেন। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ভিয়ারিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটে জর্জেস মিকাউতাদজে এবং ২৯ মিনিটে সের্গি কার্ডোনার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৩৬ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ৪৫ মিনিটে শেষে যোগ করা সময় রোনাল্ড আরাউজোর গোলে সমতায় ফেরে অলরেড দল। ৬৫ মিনিটে অ্যালিস্টারের দ্বিতীয় গোলে এগিয়ে যায় লিভারপুল। ৬৮ মিনিটে ফ্লোরিয়ান রির্টজ জয়সূচক গোলটি করেন। ৮৭ মিনিটে তানি ওলুওয়াসেয়ি সফরকারীদের ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি।
ইতালিতে স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রোমা। ম্যাচের ২১ মিনিটে মারিও হারমোসো, ৩৯ মিনিটে নাহুয়েল মোলিনা, ৫২ মিনিটে নিকোলো পিসিলি এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ডোনিয়েল ম্যালেন গোল করেন।
নাপোলিতে বোডো/গ্লিমটকে ৪-৩ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের প্রথম মিনিটে ম্যাটিও পলিটানোর গোলে এগিয়ে যায় নাপোলি। ২৭ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান জেনস পেটার হাউজ। ৪১ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা, গোল করেন স্কট ম্যাকটোমিনে। ৬২ মিনিটে ফের সমতায় ম্যাচ, গোল করেন আন্দ্রেয়াস হেলমারসেন। ৭৫ মিনিটে ম্যাকটোমিনের দ্বিতীয় গোলে ৩-২তে লিড নেয় নাপোলি। ৮৮ মিনিট ওডিন বয়র্তুফ্ট নিজের জালে বল জড়ালে জয়সূচক গোল পায় স্বাগতিকরা। সন্ড্রে ব্রুনস্টাড ফেট ৯০ মিনিট শেষে গোল করে ব্যবধান কমান নরওয়ের ক্লাব বোডোর।
রাতের অন্য ম্যাচে সাবাহর বিপক্ষে ২-১ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। ফেনেরবাচ এবং স্লাভিয়া প্রাহার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। পোর্তো ১-০ গোলে হেরেছে পিএসভি আইন্দোহভেনের বিপক্ষে। স্টুটগার্ট-অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

