
বাংলাদেশ দল বুধবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু করতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজ জিততে পারলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে ঘরের মাঠে সিরিজ হলেও বাংলাদেশের জন্য তা সহজ হবে না। হেড কোচ ফিল সিমন্স বলছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন সিরিজ আশা করছেন তিনি।
সোমবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ সিমন্স। ৬৩ বর্ষী এ কোচ সিরিজ নিয়ে জানান, ‘আমি এখনও উইকেট দেখিনি। গতকাল রাতে এসেছি, তবে সিরিজ থেকে আমি যা আশা করি, তা হলো কঠোর পরিশ্রম। আমি একটি কঠিন সিরিজ আশা করছি। কারণ ভারতে যাওয়ার আগে তারা (উইন্ডিজ) ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ খেলেছে, যেখানে তারা ভালো খেলেছে। তাই একটি কঠিন সিরিজই আশা করছি।’
সিরিজ শুরুর আগে অনুশীলনে পুরো দলকে না পাওয়া নিয়ে সিমন্স বলেন, ‘আমরা পুরো দলকে একসাথে পাইনি, কারণ একটি সিরিজের মধ্যে ছিলাম। আমরা ত্রিদেশীয় সিরিজের মধ্যে ছিলাম এবং কাকতালীয়ভাবে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়, যারা ওয়ানডে এবং টেস্ট উভয় ক্রিকেটেই খেলেন, তারা সেখানে ব্যস্ত ছিলেন। এটি একদমই আদর্শ পরিস্থিতি নয়। তবে ছেলেরা তো আর বসে ছিল না, তারা ক্রিকেটই খেলছিল। তাই এখনও অনেক কিছু করার আছে।’
লিটন দাসের সবশেষ অবস্থা জানাতে বাংলাদেশের কোচ বলেন, ‘আমি যতটুকু জানি, লিটনকে টেস্টের জন্য পাওয়া যাবে। আগামী দুই দিনে যদি পরিস্থিতির পরিবর্তন ঘটে, তবে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আমরা তাকে পাবো বলে জানি।’
ওয়ানডেতে বাংলাদেশ দলের মিডল অর্ডারে মুমিনুল হককে ফেরানো যায় কিনা এমন প্রশ্নের উত্তর সিমন্স দেন এভাবে, ‘আপনার কি তাই মনে হয়? আচ্ছা। আমি বিষয়টি বিবেচনায় রাখব। আমি আপনার চিন্তাভাবনা বিবেচনায় নেবো।’
বুধবার মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ম্যাচটি খেলা হবে সিলেট স্টেডিয়ামে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

