লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম | চ্যানেল আই অনলাইন

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম | চ্যানেল আই অনলাইন

প্রথম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কিছুটা খেই হারিয়েছে। প্রথম দিকে ভালো রান করতে পারলেও হঠাৎ ব্যাটাররা দ্রুত আউট হওয়া শুরু করেন। সেখান থেকে টেল এন্ডারদের নিয়ে ব্যাটিং করে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। প্রথম দিনের সংবাদ সম্মেলনে সেই কথায় উঠে আসে লিটনের থেকে।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে আসেন লিটন। তার কাছে শ্রীলঙ্কার বিপক্ষে এবং আজকের সেঞ্চুরির পার্থক্য জানতে চাইলে এ ডানহাতি ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় যে, শ্রীলঙ্কার বিপক্ষে যে ইনিংসটা ছিল ওটা পুরোপুরি আলাদা। কারণ মুশফিক ভাইয়ের সাথে পার্টনারশিপ ছিল। ব্যাটার হিসেবে যখন আপনার সাথে একজন ব্যাটার থাকবে তো মানসিকভাবে অবস্থা আলাদা থাকে। রাওয়ালপিন্ডিতেও একইরকম ছিল। মিরাজ অনেকক্ষণ ইনিংসে, প্রায় ৮০ রানের মতন ছিল, ২০ রান আমাকে কষ্ট করতে হয়েছিল।’

‘কিন্তু আজকেরটা পুরোপুরি আলাদা। আমি মনে হয় যখন দুই বা তিন রানে তখন তাইজুল ভাই স্ট্রাইকে আসে। সেঞ্চুরি এটা মানুষ বলে কয়ে করতে পারে না, আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার লক্ষ্য ছিল রানটা কীভাবে বাড়ানো যায়। কারণ যে সময়টাতে তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র ১১০ বা ১১৬।’

ব্যাটিংয়ের সময় লিটনের মনে কি ঘুরছিল তা নিয়ে লিটন বলেন, ‘আমার লক্ষ্য ছিল কীভাবে দলকে ২০০ রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। অবশ্যই লক্ষ্যটা আমাকেই পূরণ করতে হবে। আমার টেল তো রান করবে না, রান আমাকেই করতে হবে। আমি একটা তথ্য পাঠিয়েছিলাম যে আমরা কি আক্রমণে যাব কি না। উপর থেকে বলেছে রানের জন্য খেলার জন্য। আমি চেষ্টা করেছি রান করার।’

সিলেটে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে বিবর্ণ ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রায় পুরো দিন ব্যাটিং করে ২৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। পাকিস্তান ছয় ওভার খেলে ২১ রান করেছে কোনো উইকেট না হারিয়ে।

Scroll to Top