
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনৈতিক বিরোধ এবার সংঘর্ষে রূপ নিয়েছে পূর্ব লন্ডনের রাস্তায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ব্রিটেনের মূলধারার গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশি সমাজে উদ্বেগের পাশাপাশি ব্রিটেনের অভিবাসননীতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর কাছে সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ব্রিটেনের রাস্তায় সহিংসতায় রূপ নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে লন্ডনের প্রভাবশালী দৈনিক দ্য ইভনিং স্ট্যান্ডার্ড।
পত্রিকাটির প্রধান প্রতিবেদক নিকোলাস সেসিল ও লুক রিভির প্রতিবেদনের শিরোনামের বাংলা অর্থ দাঁড়ায়, ‘পূর্ব লন্ডনে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি রাজনৈতিক গোষ্ঠীগুলোর সংঘর্ষ, অন্তত ছয়জন আহত’।
প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি হাতে দেখা যায়। ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির পাশাপাশি ডিম ও বোতল ছোড়ার খবরও প্রকাশিত হয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সোমবার রাত ১০টা ১২ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোডে একটি ঘটনার খবর পেয়ে দুটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ইভনিং স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিও তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নাহিদ ইসলামের ভূমিকা এবং বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক বিরোধের প্রসঙ্গ এসেছে সংবাদটিতে।
পত্রিকাটি ঘটনাকে শুধু বাংলাদেশিদের একটি স্থানীয় মারামারি হিসেবে দেখেনি। বরং বাংলাদেশের রাজনৈতিক সংঘাত কীভাবে ব্রিটেনের মাটিতে ছড়িয়ে পড়ছে, সেই প্রেক্ষাপটও তুলে ধরেছে।
লন্ডনের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের রাজনীতির পাশাপাশি ব্রিটেনের অভিবাসননীতিও আলোচনায় এসেছে।
রিফর্ম ইউকে পার্টির মুখপাত্র এবং দলের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ইউসুফ বলেছেন: বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশিরা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। কনজারভেটিভ (টোরি) ও লেবার পার্টির অবাধ ও ব্যাপক অভিবাসননীতির ফলে ব্রিটিশ জনগণকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ব্রিটেনের এখন দরকার রিফর্ম (পার্টি)।
ব্রিটেনে অভিবাসননীতি নিয়ে কনজারভেটিভ ও রিফর্ম ইউকের বিরোধ অবশ্য নতুন নয়। ১৩ নভেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে অক্সফোর্ডশায়ারে আশ্রয়প্রার্থীদের আবাসন প্রকল্প নিয়ে রিফর্ম ইউকের জিয়া ইউসুফ ও কনজারভেটিভ নেতা ক্রিস ফিলপের প্রকাশ্য বিরোধের কথা সবাই জেনেছে।
ঘটনার পর ব্রিটিশ-বাংলাদেশি সমাজের কয়েকজন প্রতিনিধি প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন।
তারা বলেছেন, বিদেশে বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে বাধাগ্রস্ত করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
প্রবাসী সমাজের কয়েকজন সদস্য বাংলাদেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা লন্ডনের রাস্তায় নিয়ে আসাকে পুরো কমিউনিটির জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন।
তাদের উদ্বেগের একটি বড় কারণ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি। দীর্ঘদিন ধরে ব্রিটেনের রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি ও সামাজিক জীবনে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের অংশগ্রহণ রয়েছে। রাজনৈতিক সংঘর্ষের মতো ঘটনা সেই বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে নেতিবাচক সাধারণীকরণের সুযোগ তৈরি করতে পারে।
হামলার জন্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি ব্রিটিশ সরকারের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সংঘর্ষের পর পুলিশের হস্তক্ষেপের খবর একাধিক সংবাদমাধ্যমে এসেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা ব্যবস্থা নেয়।
তবে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার, অভিযোগ গঠন কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাজ্যে সফররত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে বিক্ষোভের ঘটনা আগেও ঘটেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং ২০২৬ সালের জুনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরের সময়ও বিক্ষোভ ও উত্তেজনার খবর প্রকাশিত হয়েছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান ঘিরেও গোলযোগের অভিযোগ ওঠে।
তবে রমফোর্ডের ঘটনা বিশেষভাবে আলোচনায় আসার কারণ এখানে রাজনৈতিক প্রতিবাদ সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে এবং জরুরি চিকিৎসাসেবা দিতে হয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

