লক্ষীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায় | চ্যানেল আই অনলাইন

লক্ষীট্যারা থেকে সলো— ‘ছিলো চাঁদ’ দিয়ে আনানের নতুন অধ্যায় | চ্যানেল আই অনলাইন

লন্ডনভিত্তিক ব্যান্ড লক্ষীট্যারা-র সাবেক ভোকালিস্ট, নৃত্যশিল্পী ও অভিনেত্রী আনান সিদ্দিকা এবার হাজির হলেন নতুন চমক নিয়ে। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন নিজের গাওয়া সিঙ্গেল গান ‘ছিলো চাঁদ’, যা ইতোমধ্যেই শ্রোতাদের আগ্রহ কাড়ছে।

চল্লিশের দশকের এই কালজয়ী গানটি লিখেছিলেন অজয় ভট্টাচার্য এবং সুর করেছিলেন হিমাংশু দত্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাপ্রিয় এই ধ্রুপদী গানটি নতুন সংগীতায়োজনে নিজের কণ্ঠে তুলে ধরেছেন আনান।

গানটি বেছে নেওয়ার পেছনের গল্প জানাতে গিয়ে আনান বলেন, শৈশবে তার ছোট খালা পড়শিয়া সিদ্দিকার কণ্ঠে নিয়মিত এই গান শুনতেন তিনি। ছায়ানটে গান শেখার সময় খালার রেওয়াজে ‘ছিলো চাঁদ’ বারবার শুনে নিজের মধ্যেও গানটি গাওয়ার ইচ্ছা জন্মায়। সেই ইচ্ছাই এতদিন পর বাস্তবে রূপ নিল।

আনানের ভাষায়,“আমি একজন নৃত্যশিল্পী। কত্থক ও ভরতনাট্যম নিয়ে পড়াশোনা করেছি। ছোটবেলায় যখন নাচ শিখতে যেতাম, তখন আমার ছোটখালা পড়শিয়া সিদ্দিকা মিষ্টি গান শিখতে যেতেন ছায়ানটে। তিনি সেখানে নজরুল গীতি শিখতেন। পাশাপাশি পুরনো অনেক গান তিনি বাসায় রেওয়াজ করতেন, যেগুলো ক্লাসিক্যাল কিংবা সেমি ক্লাসিক্যাল। তো এই গানটিও (ছিলো চাঁদ) তিনি সব সময় খুব গাইতেন। এতো দারুণ গাইতেন তিনি, সব সময়ই তিনি ছায়ানটে ফার্স্ট হতেন। আমিতো নাচ শিখতাম, তবুও এই গানটি তার কাছ থেকে শুনে নিজে নিজে গাওয়ার চেষ্টা করতাম।”

আনান বলেন, “ছোটবেলায় মনে হতো, একদিন আমি এই গানটি শিখবো এবং গাইবো। সেই অনুভূতিটা কোথাও জমা ছিল, এখন সুযোগ পেয়ে সেটাই তুলে ধরলাম।”

যদিও দীর্ঘদিন ধরেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত, তবুও একক গান প্রকাশে এতদিন সময় নেওয়ার কারণও ব্যাখ্যা করেন তিনি। জানান, প্রথাগতভাবে গান না শেখায় সাহসের অভাব ছিল। তবে প্রায় দুই দশকের চর্চার পর এখন মনে হয়েছে, নিজের একটি সিঙ্গেল প্রকাশ করার মতো প্রস্তুতি তার হয়েছে।

তার ভাষায়,“গত ১৮/১৯ বছর গানের সাথে আছি। নিজে নিজে শেখার চেষ্টা করছি। লন্ডন থেকে যখন দেশে থিতু হলাম কেবল, তখন গত বছরে সিঙ্গেল রেকর্ড করার ইচ্ছে হলো। এখন এসে মনে হয়েছে, হয়তো শেখাটা ওই পর্যায়ে গেছে; তাই আমি সিঙ্গেল গান রেকর্ড করতে পারি।”

লন্ডনে দীর্ঘদিন বসবাসকালে লক্ষীট্যারা- ব্যান্ডের সঙ্গে ১৪-১৫ বছর কাজ করেছেন আনান। লাতিন, জ্যাজ ও বাংলা সংগীতের মেলবন্ধনে গড়ে ওঠা এই ব্যান্ডের সঙ্গে কাজ করেই মূলত তার সংগীতচর্চার ভিত্তি তৈরি হয়। এছাড়া সিনেমা ও ওয়েব সিরিজের জন্যও গান করেছেন তিনি। সদ্য মুক্তি পাওয়া ভারতের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তেও অন্তত ৫টি গান গেয়েছেন তিনি।

‘ছিলো চাঁদ’ গানটির সংগীতায়োজন করেছেন বুনো, যার প্রশংসা করে আনান বলেন,“বুনো ভাইয়ের সাথে এই প্রজেক্ট নিয়ে কথা বলি। কৃষ্ণ কলি আমি তারেই বলি এবং ছিলো চাঁদ- দুটি গানই রেকর্ড করি। বুনো ভাই ‘ছিলো চাঁদ’ গানটির এতো দারুণ মিউজিক অ্যারেঞ্জ করেছেন, প্রথমে তাই আমরা এই গানটি প্রকাশের জন্য বেছে নিলাম। বুনো ভাইয়ের দুর্দান্ত সংগীত আয়োজন ই শুধু নয়, এই গানে যারা বাজিয়েছেন- সবাই খুবই দুর্দান্ত কাজ করেছেন। এ বছর আরো তিন চারটি গান প্রকাশের ইচ্ছে আছে।”

‘ছিলো চাঁদ’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আওরঙ্গজেব সাহা এবং প্রযোজনা করেছেন আজমেরী কাওসার তুষি। ভিডিওর ভিজ্যুয়াল উপস্থাপনাকে সম্পূর্ণ নির্মাতার কৃতিত্ব বলে উল্লেখ করেন আনান সিদ্দিকা।

আনান বলেন,“মিউজিক ভিডিও নির্মাণ করতে এমন একজন ডিরেক্টর প্রয়োজন ছিলো, যার ইন্টারেস্টিং কাজ করার অভিজ্ঞতা আছে। আওরঙ্গজেব সাহা, ইয়ং একটা ছেলের কাজ এরমধ্যে আমার ভালো লেগে গেল। আমি প্রযোজক আজমেরী কাওসার তুষির মাধ্যমে আওরঙ্গজেবের সাথে যোগাযোগ করি। তাকে আমার গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের বিষয়টি বলি, পরে পুরোটাই তার কনসেপ্টে আমরা শুটে যাই। আমি শুধু বলেছি এমন চাই, আর পুরো ভিজ্যুয়ালি যে বিষয়টা উঠে এসেছে; এটা পুরোটাই আওরঙ্গজেবের কৃতিত্ব।”

‘বাড়ির নাম শাহানা’র মধ্য দিয়ে সিনেমা পা রাখেন আনান সিদ্দিকা

মিউজিক ভিডিওটির প্রযোজক তুষি ও নির্মাতা আওরঙ্গজেবের পাশাপাশি আনান কৃতজ্ঞতা জানান এই মিউজিক ভিডিওর চিত্রগ্রাহক আবদুল মামুনের প্রতিও।

এদিকে গান কিংবা নৃত্যে পারদর্শী আনান সিদ্দিকাকে দেশের মানুষ চেনেন অভিনেত্রী হিসেবে। লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পাশাপাশি অস্কারের আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছে।

‘শাস্তি’- সিনেমায় আনান ছাড়াও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, পরীমনি ও অর্ক

বর্তমানে তিনি লিসা গাজীর পরবর্তী চলচ্চিত্র ‘শাস্তি’র চিত্রনাট্য তৈরির কাজে যুক্ত রয়েছেন, যা রবীন্দ্রনাথ ঠাকুর-এর গল্প থেকে অনুপ্রাণিত। এই সিনেমায় তিনি অভিনয়ও করবেন। আগামি নভেম্বরে হবে এই সিনেমার শুটিং। এছাড়া আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তাও চলছে বলে জানিয়েছেন তিনি।

আনান জানান, এখন থেকে নিয়মিত গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। চলতি বছরই আরও তিন থেকে চারটি গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন এই শিল্পী।

Scroll to Top