রোববার থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালট বিতরণ শুরু – DesheBideshe

রোববার থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালট বিতরণ শুরু – DesheBideshe

রোববার থেকে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ব্যালট বিতরণ শুরু – DesheBideshe

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – সারাদেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সংসদীয় ২৯৯টি আসনের ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) শনিবার এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। ইসির পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন বলে কমিশন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সংসদ নির্বাচনের ব্যালট বিতরণ শাখার ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকেই ব্যালট মুদ্রণ শুরু হয়। যে যে আসনের ব্যালট মুদ্রণ শেষ হয়েছে, সেগুলো সেখানে পাঠানো হয়েছে।

সর্বশেষ শনিবার একটি আসন বাদে সব জায়গায় ব্যালট পাঠানো শেষ হয়। রোববার সকালে ওই একটি আসনে ব্যালট পাঠানো হলে জেলা অনুযায়ী সব ব্যালট পাঠানোর কাজ শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় সংশ্লিষ্ট আসনে ব্যালট পাঠাতে পারবেন। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তারা চাইলে রোববার থেকেই আসনভিত্তিক ব্যালট বিতরণ শুরু করতে পারবেন। এ বিষয়ে কমিশন থেকে চিঠি দিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, আইনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান থাকলেও এতদিন তা কার্যকর ছিল না। এবারই প্রথম চারটি শ্রেণির ভোটার— সরকারি কর্মকর্তা, কারাবন্দী, নির্বাচনী কর্মকর্তা এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সর্বোচ্চ ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোট বিধি অ্যাপে নিবন্ধন করেছেন। নিবন্ধিত ভোটাররা ভোট দিয়ে ইতোমধ্যে ব্যালট দেশে পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৩ লাখ ৯ হাজারের বেশি নাগরিক। এসব পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

এর বাইরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন ১২ কোটি ৬২ লাখের বেশি ভোটার। এই ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যালট মুদ্রণ করেছে নির্বাচন কমিশন। শনিবার এসব মুদ্রিত ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর কাজ শেষ হয়েছে। রোববার থেকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয় থেকে নিজ নিজ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) কাছে ব্যালট বিতরণ করবেন।

আগামী ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তারা এআরওদের কাছ থেকে ব্যালট ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে রাতেই ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর আগেই নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, তার জেলায় সব আসনের ব্যালট তিনি বুঝে পেয়েছেন। শনিবার তিনি এ প্রতিবেদককে বলেন, রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এসব ব্যালট নিজ নিজ আসনের দায়িত্বপ্রাপ্ত এআরওদের কাছে বিতরণ শুরু করবেন। নির্বাচন কমিশন থেকে শনিবার চিঠি দিয়ে এই প্রক্রিয়ায় ব্যালট বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, তাদের নাম সম্পূরক ভোটার তালিকায় রাখা হয়েছে। আর পোস্টাল ব্যালটের বাইরে যারা ভোট দেবেন, শুধু তাদের সংখ্যার ভিত্তিতেই ব্যালট ছাপানো হয়েছে।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top