স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা যেন আরও উগরে উঠেছে। নতুন করে আলোচনায় এসেছেন বার্সার পুনর্নির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা। দায়িত্বে ফিরেই আবারও রিয়াল মাদ্রিদকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন, তার মতে রেফারিদের সঙ্গে গোপনে যোগযোগ করে রিয়াল।
এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, ‘নেগ্রেইরা মামলায় তাদের সম্পৃক্ততার পর থেকেই আমাদের সম্পর্ক খারাপ হয়েছে। অনেক দিন ধরেই তাদের সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই। আমরা সুপার লিগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি, কারণ প্রকল্পটি বাস্তবায়নের কোন অগ্রগতি হচ্ছিল না। আগেই আমরা বিষয়টি জানিয়েছিলাম। উয়েফা ইউরোপীয় ফুটবলের স্থায়িত্ব বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে, সেটাও আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’
তবে সবচেয়ে বিতর্কিত মন্তব্য করেন রেফারিং প্রসঙ্গে। লাপোর্তার দাবি, রেফারিরা বার্সেলোনাকে সুবিধা দেন না বরং রিয়াল মাদ্রিদই বেশি সুবিধা পায়। তিনি বলেছেন, ‘আমার সবসময়ই মনে হয়েছে আমাদের অনেক ভালো খেলতে হয়, কারণ রেফারিরা আমাদের পক্ষে থাকে না। এখানে মনে হয় সবসময় রিয়ালকেই সহায়তা করা হয়। তাদের বার্সেলোনা-ইটিস আছে, এটা স্পষ্ট।’
নেগ্রেইরা কেলেঙ্কারি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন লাপোর্তা। তার দাবি, বার্সেলোনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। একই সঙ্গে পাল্টা অভিযোগ তুললেন, ‘আমরা এমন একজনকে নিয়োগ দিয়েছিলাম, যিনি আগে রেফারি কমিটির সহ-সভাপতি ছিলেন- এ নিয়ে আমাদের সমালোচনা করা হচ্ছে। অথচ তাদের সঙ্গেই রেফারি কমিটির সভাপতিদের যোগসূত্র ছিল।’





