রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’! | চ্যানেল আই অনলাইন

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’! | চ্যানেল আই অনলাইন

দেশের ওটিটি ও টেলিভিশন কনটেন্টের ভিড়ে দর্শকের আবেগ, পারিবারিক সম্পর্ক আর বাস্তব জীবনের টানাপোড়েন দিয়ে আলাদা জায়গা করে নিয়েছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ–এর ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। শুক্রবার (৮ মে) ৫২তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হলো বহুল আলোচিত এই সিরিজের যাত্রা। তবে বিদায়টাও হলো ব্যতিক্রমী আয়োজনে।

বিকেল ৩টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল–এ মুক্তি পায় শেষ পর্ব। যেখানে সাধারণ ২৫–২৮ মিনিটের পরিবর্তে দর্শকদের জন্য উপহার হিসেবে নির্মাতা নিয়ে আসেন ৯২ মিনিটের বিশেষ সমাপনী পর্ব। আর মুক্তির পর থেকেই যেন ঝড় তোলে সেটি। প্রকাশের মাত্র ৮ ঘণ্টা ১৫ মিনিটে শেষ পর্বটির ভিউ ছাড়িয়ে যায় ৮ মিলিয়ন!

বাংলাদেশি ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে যা নতুন এক মাইলফলক হিসেবেই দেখছেন অনেকেই।

ধারাবাহিকটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন,“এটা আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।”

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’! | চ্যানেল আই অনলাইন২০২৫ সালের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আই–এ প্রচার শুরু হয় ‘এটা আমাদেরই গল্প’র। টেলিভিশন সম্প্রচারের পর প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে মুক্তি পেত নতুন পর্ব।

শুরু থেকেই দর্শকদের আবেগের কেন্দ্রে জায়গা করে নেয় সিরিজটি। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, অভিমান ও বাস্তব জীবনের জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। প্রতিটি পর্ব ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আলোচনা, বিতর্ক ও আবেগঘন প্রতিক্রিয়া। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকেরা নিয়মিত যুক্ত ছিলেন সিরিজটির সঙ্গে।

পাকিস্তানি জনপ্রিয় সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক ও সামাজিক বাস্তবতায় গল্পটি নির্মাণ করেন রাজ। তবে নির্মাণশৈলী, সংলাপ, আবেগ ও চরিত্র নির্মাণে এটিকে সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

গল্পের কেন্দ্রে ছিল চারটি চরিত্র—ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং তার ভাই সামির চরিত্রে ছিলেন খায়রুল বাসার। গল্পে ফাহাদের সাবেক প্রেমিকা মেহরীনকে বিয়ে করে সামির, যা সম্পর্কের জটিলতাকে আরও গভীর করে তোলে। মেহরীন চরিত্রে অভিনয় করেন কেয়া পায়েল এবং ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল।

এছাড়া ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি এবং অদিতি জামান স্নেহা।

ধারাবাহিকটির টাইটেল সংও পেয়েছে আলাদা জনপ্রিয়তা। গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর।

টেলিভিশন থেকে ইউটিউব—দুই মাধ্যমেই বিপুল দর্শকপ্রিয়তা পাওয়া ‘এটা আমাদেরই গল্প’ প্রমাণ করেছে, ভালো গল্প আর আবেগময় নির্মাণ এখনও দর্শকের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিতে পারে। শেষ হলেও দর্শকদের মনে বহুদিন বেঁচে থাকবে এই পরিবারের গল্প।

শেষ পর্ব প্রচারের আগে নির্মাতা রাজ এক পোস্টে আবেগাপ্লুত হয়ে লিখেন,“ভালোও লাগছে আবার ভীষণ খারাপও লাগছে। তবে আপনাদের এত এত ভালোবাসা আজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে।”

এসময় তিনি ধন্যবাদ জানিয়ে লিখেন,“এই যাত্রায় যারা পাশে ছিলেন প্রিয় দর্শক, স্পন্সর রিন, চ্যানেল আই, সকল সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার পুরো টিমের প্রতিটি সদস‍্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা আমি আজীবন মনে রাখবো।”

সব শেষে তিনি লিখেন,“হয়তো আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো চরিত্রে… “ফিরে আসার গল্প”।”

Scroll to Top