রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ হাই পরফরফ্যান্স দল। মোহাম্মদ রুবেলের ৪ উইকেট এবং শামিম হোসেন ৫১ রান করেন। ব্যাটিং এবং বোলিংয়ের দুর্দান্ত পরফরম্যান্সে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া একাদশকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইরফান সুক্কুর। আগে ব্যাটে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে ১৭.২ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ করে বাংলাদেশ। ১৬ বলে হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে এইচপি দল। প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচের হোবার্ট হ্যারিকেনস একাডেমীকে ৩ উইকেটে হারিয়েছিল তারা।

আগে ব্যাটে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ভিক্টোরিয়া। টম রজার্স ১৩, লিয়াম ব্ল্যাকফর্ড ১১, উইল সাদারল্যান্ড ৩০, স্যাম হারপার ৪৯ রান করেন।

বাংলাদেশের হয়ে রুবেল ৪ ওভারে ১৫ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। সমান বল করে ২৮ রানের খরচায় ৩ উইকেট তোলেন রাকিবুল হাসান। ১টি করে উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল।

ব্যাটিংয়ে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ, শূন্য রানে ফিরে যান ওপেনার হাবিবুর রহমান সোহান। আগের ম্যাচে ৪৫ বলে ৫৯ রান করা সাব্বির এ দিন ফেরেন কেবল ৫ রানে। ইরফান সুক্কুর করেন ৩২ বলে ৪৩ রান। ৩৩ বলে ২ চার এবং ৩ ছয়ে ৫১ রানে অপরাজিত থাকেন শামিম হোসেন।

ভিক্টোরিয়ার হয়ে হ্যারি হোকস্ট্রা ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আরিয়ান শর্মা, স্যাম এলিয়ট এবং ক্যালাম স্টো।

Scroll to Top