গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, রিকাবীবাজার-চৌহাট্টা সড়কের পুরাতন মেডিকেল রোড এলাকায় একটা লেন খোঁড়ে বিশাল গর্ত তৈরি করা হয়েছে। সেখানে শ্রমিকেরা কাজ করছেন। তবে অন্য লেনটি বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। কালভার্ট নির্মাণের ফলে একইরকম যানজট দেখা গেছে আম্বরখানা, নাইওরপুল ও দরগাগেট এলাকায়ও। এসব এলাকার যানজটের প্রভাব আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পড়তে দেখা গেছে।
নগরের হাওলদারপাড়া এলাকার বাসিন্দা রমাকান্ত রায় বলেন, প্রায় দেড় থেকে দুই বছর ধরে কালীবাড়ি, হাওলাদারপাড়া এলাকায় ড্রেনের নির্মাণকাজ চলছে। রাস্তা খোঁড়াখুঁড়ি করে কাজ চললেও সেখানে নেই নিরাপত্তার ব্যবস্থা। এসব মূলত আবাসিক এলাকা। ফলে প্রতিটি বাড়ির বাসিন্দারাই পড়েছেন বেশ বিপাকে। শিশুরা স্কুলে যায়। অভিভাবকদের দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হয় সব সময়। রাতের আঁধারে দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি। সারাক্ষণ ধুলা তো ওড়েই, এ ছাড়া কাজ চলমান থাকায় হাঁটাও কষ্টসাধ্য। কাজও চলছে ধীরগতিতে।
যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উন্নয়নকাজের কারণে নগরবাসীর দুর্ভোগে পড়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, নগরে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। এতে অনেক এলাকার রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে।


