রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা | চ্যানেল আই অনলাইন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্র থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

সভায় জানানো হয়, আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন হবে প্রকাশ্যে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় সংসদের বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়। প্রস্তুতি সভায় চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট দিতে পারবেন না।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া নির্বাচন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

প্রস্তুতিমূলক সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন পরিচালনা করবেন।

Scroll to Top