
ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর- রাশিয়ার তেল শোধনাগার ও ডিজেল উৎপাদন অবকাঠামোয় হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়ারল্যান্ডের ডুনবেগে একটি গলফ ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের এসব হামলা বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র করছে এবং দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগার ব্যবস্থা ও জ্বালানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে ডিজেল সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে রাশিয়ার ভেতরে জ্বালানি রেশনিং এবং রপ্তানি স্থগিত করতে হয়েছে।
কিয়েভের মতে, জ্বালানি খাত থেকে পাওয়া আয় দিয়েই মস্কো তাদের সামরিক অভিযান পরিচালনা করে। এদিকে গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়। একই সময়ে উপসাগরীয় অঞ্চল ও রাশিয়া থেকে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
এই বৈশ্বিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রতি গ্যালনে ৬ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়েছে। সামনে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন থাকায় এ পরিস্থিতি ট্রাম্প প্রশাসন ও মার্কিন ভোটারদের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করেছে।
অন্যদিকে, ইউক্রেন-রাশিয়ার সামরিক সংঘাতও ভয়াবহ রূপ নিয়েছে। কিয়েভ দূরের তেল কেন্দ্রগুলোতে হামলা চালানোর জবাবে মস্কো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এতে উভয় পক্ষেই ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও বেসামরিক প্রাণহানি ঘটছে।
সর্বশেষ পাওয়া তথ্যে, রাশিয়ার তাতারস্তান অঞ্চলে দুইজন নিহত হয়েছেন এবং ইউক্রেনের ওদেসা বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬
