এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিচারিক আদালতের রেকর্ড পাওয়ার পর দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) নিজ কার্যালয়ে রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতের নথিপত্র বা রেকর্ড পাওয়ার পর পেপারবুক দ্রুত প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজন হলে এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
রামিসা হত্যাসহ নারী ও শিশু নির্যাতনের মামলার বিচারকাজ করার জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী রোববার (১৪ জুন) থেকে ওই বেঞ্চে বিচারকাজ চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
একইসাথে রেকর্ড প্রাপ্তির পর পেপারবুক দ্রুত তৈরি হয় সে বিষয়েও প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে ওই সিদ্ধান্ত জানান তিনি।
নারী ও শিশু নির্যাতনের মামলা পরিচালনার জন্য একটি বিশেষ আইনজীবী প্যানেল করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


