
ঢাকা, ৬ ফেব্রুয়ারি – রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর আলাদা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, উত্তর বাড্ডা এলাকায় সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবার উদ্ধার করা হয়। এ সময় আগ্নেয়াস্ত্রের সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়।
অন্যদিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আরও চারজনকে আটক করে সেনাবাহিনী।
বার্তায় আরও বলা হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
এনএন/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





