
ঢাকা, ০১ অক্টোবর – রাজধানীর মুগদার একটি বস্তিতে মাদক অভিযান শেষে ফেরার পথে কারবারিদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত রাসেলকে উদ্ধার করে রাত সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তিনি বলেন, মাদক অভিযান শেষে ফেরার পথে অতর্কিতভাবে মাদক কারবারিরা পেছন থেকে হঠাৎ বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে এসআই রাসেল গুরুতর গুরুতর আহত হোন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে পাঠানো হয়।
বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
কারা হামলা করেছে তাদের চিনতে পারছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে (এসআই) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। কে বা কারা হামলা করেছে, তাদের সন্ধান এখনো পাইনি। সহকর্মীকে চিকিৎসা করিয়ে পরে এই ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ অক্টোবর ২০২৫

