রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস | চ্যানেল আই অনলাইন

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস | চ্যানেল আই অনলাইন

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬–এ বাংলাদেশের সিনেমার জন্য এলো বড় সাফল্য। উৎসবের মর্যাদাপূর্ণ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’।

উৎসব কর্তৃপক্ষের ঘোষণায় জানানো হয়, বিগ স্ক্রিন কম্পিটিশনে নির্বাচিত ১২টি ছবির মধ্য থেকে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে বিজয়ী হয়েছে ‘মাস্টার’। এই পুরস্কারের সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো প্রাইজমানি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকা)।

পাশাপাশি, ছবিটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব অর্জনকারী পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে, যা ইউরোপীয় বাজারে ছবিটির সম্ভাবনাকে আরও জোরালো করবে।

বিচারকদের মতে, ‘মাস্টার’ এক ব্যক্তির নৈতিক কম্পাস আঁকড়ে ধরার সংগ্রামের সার্বজনীন গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্ররোচনামূলক ও ধ্বংসাত্মক শক্তি কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে রূপান্তরিত করে—তা অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয়ভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। রঙিন ভিজ্যুয়াল, প্রাণবন্ত লোকেশন ও বাস্তবধর্মী সব পার্শ্ব চরিত্রদের ভিড়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে দুর্দান্ত অভিনয়ে ধারণ করেছেন প্রধান অভিনেতা— যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী প্রভাবকে উন্মোচিত করে।

বিগ স্ক্রিন কম্পিটিশনের জুরি বোর্ডে ছিলেন জান-উইলেম ভ্যান আইক, সারা ইশাক, লুস লুকা, ক্রিস উস্টেরম ও মিলা শ্লিংগেম্যান।

এর আগে ২ ফেব্রুয়ারি রটারডামে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়ায়। প্রিমিয়ারের আগেই যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান Kwanon Films নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় ছবিটি বাড়তি আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন ও প্রযোজক আশিম ভাল্লা।

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস | চ্যানেল আই অনলাইন
রটারডামে টিমসহ সুমিত

একটি ছোট বনঘেরা শহরের পটভূমিতে নির্মিত ‘মাস্টার’–এ দেখা যায়, একজন আদর্শবাদী উচ্চবিদ্যালয়ের ইতিহাস শিক্ষক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর ক্ষমতার চাপে ধীরে ধীরে বদলে যান। ন্যায়বোধ ও জনকল্যাণের আকাঙ্ক্ষা থেকে শুরু করে কর্তৃত্ববাদী রূপান্তর—এই ভাঙনই ছবির প্রধান দ্বন্দ্ব।

ছবিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজ প্রমুখ। চিত্রনাট্য সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনায় ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।

Scroll to Top