রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে খাবেন যেসব খাবার

শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করে রক্তের লাল কণিকায় থাকা হিমোগ্লোবিন। তাই শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য রক্তে এর পর্যাপ্ত উপস্থিতি থাকা জরুরি।

রক্ত

কিন্তু পুষ্টির ঘাটতি কিংবা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এর প্রভাব পড়ে দৈনন্দিন জীবনযাত্রায়ও।

হিমোগ্লোবিন কমে গেলে অল্প পরিশ্রমেই ক্লান্তি, শরীর দুর্বল লাগা, মাথাব্যথা, মাথা ঘোরা কিংবা শ্বাসকষ্ট হতে পারে। কারও কারও ক্ষুধামান্দ্য ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়।

দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিতে পারে। ভারতের ফর্টিস হাসপাতালের চিকিৎসক মনোজ কে আহুজার মতে, শরীরে লৌহের প্রয়োজন সবারই রয়েছে।

তবে নারীদের মাসিকের সময়, গর্ভাবস্থায়, শিশুদের শারীরিক বিকাশের পর্যায়ে এবং অসুস্থতা কাটিয়ে ওঠার সময় এ চাহিদা আরও বেড়ে যায়।
হিমোগ্লোবিন তৈরিতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড ও ভিটামিন সি গুরুত্বপূর্ণ। ফলে প্রতিদিনের খাবারে এসব পুষ্টি উপাদানের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। কোন খাবারগুলো রাখতে পারেন খাদ্যতালিকায়, চলুন জেনে নেওয়া যাক।

আয়রনের ঘাটতি পূরণে

হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন অপরিহার্য। শরীরে এই খনিজের পর্যাপ্ত সরবরাহ না থাকলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। এ ক্ষেত্রে খাদ্যতালিকায় রাখতে পারেন মুরগির কলিজা, ডিম, ঝিনুক, কুমড়ার বিচি, খেজুর, কিশমিশ ও বিভিন্ন ফল। এসব খাবার শরীরের আয়রনের চাহিদা পূরণে ভূমিকা রাখে।

আয়রন শোষণে ভিটামিন সি

শুধু আয়রনসমৃদ্ধ খাবার খেলেই হবে না, শরীর যেন খাবার থেকে আয়রন গ্রহণ করতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ। এ কাজে ভিটামিন সি সহায়তা করে। তাই খাবারের তালিকায় কমলা, লেবু, পেঁপে, স্ট্রবেরি, টমেটো ও ব্রকোলির মতো ফলমূল ও সবজি রাখুন। আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি-যুক্ত খাবার খাওয়ার অভ্যাসও করতে পারেন।

লাল রক্তকণিকা তৈরিতে ফলিক অ্যাসিড

রক্তের লাল কণিকা তৈরির প্রক্রিয়ায় ফলিক অ্যাসিড বা ভিটামিন বি৯ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপাদানের ঘাটতি হলে রক্তকণিকা তৈরিতে সমস্যা হতে পারে। পালংশাকসহ বিভিন্ন সবুজ পাতাযুক্ত শাকসবজি, কলিজা, শিমের বিচি, বাদাম, কলা ও ব্রকোলি থেকে ফলিক অ্যাসিড পাওয়া যায়।

খাদ্যতালিকায় রাখুন বিট

বিট শুধু রঙের জন্য নয়, পুষ্টিগুণের কারণেও পরিচিত। এতে রয়েছে ফোলেট, ফাইবার, পটাশিয়ামসহ বিভিন্ন পুষ্টি উপাদান। সালাদ হিসেবে কিংবা রান্না করে বিট খেতে পারেন। অনেকে এর রসও পান করেন। তবে বিট খেলেই হিমোগ্লোবিন বেড়ে যাবে, এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

প্রতিদিনের ফলের তালিকায় আপেল

আপেলে রয়েছে আঁশ, বিভিন্ন ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে অল্প পরিমাণ আয়রনও পাওয়া যায়। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে আপেল খেতে পারেন। খোসাসহ খেলে শরীরে আঁশের জোগানও বাড়বে।

পুষ্টির জন্য খেতে পারেন ডালিম

লাল রঙের দানায় ভরা ডালিমে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে কিছু পরিমাণ আয়রনও পাওয়া যায়। ফলটি সরাসরি খেলে আঁশ পাওয়া যায়, যা শুধু রস পান করলে পাওয়া যায় না। তাই জুসের পরিবর্তে গোটা ডালিম খাওয়াই ভালো।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

খাবারের পাশাপাশি প্রয়োজন সচেতনতা

হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে বিচিত্র ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ার পেছনে শুধু পুষ্টির ঘাটতিই দায়ী নয়। আয়রন, ভিটামিন বি১২ বা ফলিক অ্যাসিডের অভাব ছাড়াও নানা শারীরিক কারণে এ সমস্যা হতে পারে। তাই দীর্ঘদিন ক্লান্তি, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট অনুভব করলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা করে ঘাটতির কারণ নির্ণয় করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট বা সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়। সুস্থ থাকতে সচেতন খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার দিকেও নজর দিন।

তথ্যসূত্র: এনডিটিভি

Scroll to Top