
ওয়াশিংটন, ২৮ ফেব্রুয়ারি – ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা বা পাবলিক বেনিফিট গ্রহণ করার বিষয়ে বাংলাদেশি ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণ করাকে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হবে।
এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। শনিবার এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বার্তায় উল্লেখ করা হয়েছে, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেইড বা সরকারি সহায়তা ব্যবহার করেন তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়। তাই পাবলিক বেনিফিটের অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীলতা ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে বড় বাধা হতে পারে।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬




