যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা যুক্তরা‌ষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলা‌মিক সোসাই‌টিতে অনু‌ষ্ঠিত হ‌বে।

বৃহস্প‌তিবার ৩০ এপ্রিল বাদ জোহর বেলা ২টায় তার জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, জামিল লিমনের মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিন পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।

Scroll to Top