মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত তেল অবরোধে কিউবা চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। এর প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসেছে দেশটি। গতকাল শুক্রবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এই তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় দিয়াজ ক্যানেলের বলেন, ‘উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের লক্ষ্যেই এই আলোচনা শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী দেশকে ‘সংঘাতের পথ’ থেকে দূরে সরিয়ে আনবে।
কিউবা বর্তমানে চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক সংকট ও পণ্যের অভাবে ক্লান্ত দেশটির নাগরিকদের এখন দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। ক্রমবর্ধমান দাম, জ্বালানির কঠোর রেশনিং এবং ওষুধের সংকট সাধারণ মানুষকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।



