যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত | চ্যানেল আই অনলাইন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় কানাডায় পবিত্র লাইলাতুল কদর পালিত | চ্যানেল আই অনলাইন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যে দিয়ে কানাডার স্থানীয় সময় রোববার  রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হয়েছে। 

দেশটির স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর থেকে মাল্টিকালচারালিজমের দেশ কানাডায় বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা কানাডার বিভিন্ন মসজিদে জড় হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করেন।

কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে প্রচুরসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশীরাও সমাগত হয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করেন। এই সময়ে লায়লাতুল কদরের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম ইউসুফ তাহরিয়া।

রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও আখেরি মোনাজাতে শরিক হয়ে মহান রাব্বুল আলামীনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।

উল্লেখ্য পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন।

Scroll to Top