ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল ম্যাঞ্চেস্টার সিটির। এমন সমীকরণে নেমে হোঁচট খেয়েছে পেপ গার্দিওলার দল। তাতে এক ম্যাচ হাতে রেখে ২২ বছর পর শিরোপা নিশ্চিত হয়ে যায় শীর্ষে থাকা আর্সেনালের। এটি গানারদের ইতিহাসের ১৪তম লিগ শিরোপা, যা ইংলিশ ফুটবলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
ভাইটালিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্রযে লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ হয়ে গেল সিটিজেনদের। ৩৮ মিনিটে এলি জুনিয়র ক্রুপি গোলে পিছিয়ে পড়ার পর, নির্ধারিত সময়ের পর যোগ করা ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে সমতা টানেন আর্লিং হালান্ড।
ড্রয়ে ৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৭৮। সমান ম্যাচ খেলে আর্সেনাল এগিয়ে ৪ পয়েন্টে। লিগে দুই দলেরই ম্যাচ বাকি একটি করে। ফলে আর্সেনালকে ছোঁয়ার আর কোন সুযোগ নেই গার্দিওলার দলের।
আলোচনায় আছে চলতি মৌসুমেই ম্যানসিটি ছাড়ছেন ৫৫ বর্ষী গার্দিওলা। সে হিসেবে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে বর্ণাঢ্য সিটি অধ্যায়ের ইতি টানবেন এই স্প্যানিয়ার্ড কোচ।
ম্যাচ শেষে বন্ধু ও একসময়ের সহকারী আর্তেতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘আর্সেনাল, মিকেল আর্তেতার এবং তাদের খেলোয়াড়দের অভিনন্দন। আসলে তারা এটার যোগ্য। মুহূর্তটি তাদের জন্য খুবই বিশেষ।’
সবশেষ ২০০৪ সালে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল আর্সেনাল। গত কয়েক মৌসুম ধরে শিরোপার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখতে পারেনি তারা। এইবার সেই শিরোপা খরা ঘুচিয়েছে মিকেল আর্তেতার দল। দলটির সামনে এবার সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও। ফাইনালে তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি।
এদিকে ড্রয়ে ১২৭ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা নিশ্চিত হয়েছে বোর্নমাউথের। আগামী মৌসুমে অন্ততপক্ষে ইউরোপা লিগে খেলবে তারা, চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও তাদের টিকে আছে এখনও। টানা ১৭ ম্যাচ ধরে অপরাজিত দলটি ৫৬ পয়েন্ট নিয়ে ছয়ে আছে।





