ম্যানসিটির জয়ের রাতে হার দেখল আর্সেনাল, লিড পেয়েও ড্র লিভারপুলের | চ্যানেল আই অনলাইন

ম্যানসিটির জয়ের রাতে হার দেখল আর্সেনাল, লিড পেয়েও ড্র লিভারপুলের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্দারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। জিতেছে এভারটন, নিউক্যাসল ইউনাইটেড ও টটেনহ্যাম। লিড পেয়েও শেষ দিকে গোল হজম করে লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্র করেছে লিভারপুল। ব্রোনমাউথের মাঠ থেকে পূর্ণ পয়েন্ট আদায়ে ব্যর্থ চেলসি।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সান্দারল্যান্ডকে পাত্তাই দেয়নি সিটি। প্রথমার্ধেই ২-০তে লিড পায় স্বাগতিকরা। ৩১ মিনিটে রুবেন দিয়াজ এবং ৩৫ মিনিটে গোল করেন গাভার্দিওল। বিরতির পর ৬৫ মিনিটে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।

ঘরের মাঠে আর্সেনালকে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ৩৬ মিনিটে ম্যাটি ক্যাশের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ট্রুসার্ডের গোলে আর্সেনাল সমতায় ফিরলেও ৯০ মিনিটে বুয়েন্দিয়ার গোলে জয় নিশ্চিত করেছে ভিলা।

নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে এভারটন।। বার্নলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে নিউক্যাসল। অন্যম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম।

লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধ শেষের পর বিরতি থেকে ফিরেই ২-০ গোলে এগিয়ে যায় অলরেডসরা। জোড়া গোল করেন হুগো একিতিকে। ৭২ মিনিটে পেনাল্টিতে ব্যাবধান কমানোর পর ৭৫ মিনিটে সমতায় ফেরে লিডস। ৮০ মিনিটে লিভারপুল ফের লিড পেলেও ৯০ মিনিট গোল হজম করে বসে। শেষ অবধি ড্রতে শেষ হয় ম্যাচ।

অন্য ম্যাচে ব্রোনমাউথের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে চেলসি।

Scroll to Top