এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচ আয়োজিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি শুটআউটে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে। সেখানে প্রতিপক্ষকে কোনো গোল করতে না দিয়ে দুইবার জালের দেখা পায় রিয়াল মাদ্রিদ। তাতেই শিরোপা নিশ্চিত হয় দলটির।
ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন রিয়াল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল। তিনি জিতেছেন ‘ম্যান অব দ্য ফাইনাল’, ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও সেরা গোলরক্ষক’- তিনটি ব্যক্তিগত পুরস্কার।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার যৌথভাবে জিতেছেন আর্সেনালের মাশফিক ও চেলসির সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু। একই দলের মতিউর পেয়েছেন বেস্ট মিডফিল্ডারের স্বীকৃতি।
৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল-আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ। দিনব্যাপী এই আয়োজনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো আয়োজন।
এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে ব্যাচের সদস্যদের একত্রিত করার লক্ষ্যেই নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আসছে ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

