
ঢাকা, ২ জুন – ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে মোস্তাফিজুর রহমান কোন ক্লাবে খেলবেন তা নিয়ে ক্রিকেট অঙ্গনে বেশ গুঞ্জন ছিল। বিশেষ করে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে দলে ভেড়াচ্ছে এমন খবর চাউর হয়েছিল। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের হয়েই মাঠে নামবেন এই বাঁহাতি পেসার।
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত অষ্টম রাউন্ডের খেলা শেষ হয়েছে। সাতটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে মোহামেডান। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ছয়টি জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
সম্প্রতি মোহামেডান দলে তরুণ পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করায় গুঞ্জন উঠেছিল যে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সাথে মোস্তাফিজকেও দেখা যাবে সাদা কালো শিবিরে। তবে ক্লাব সূত্র নিশ্চিত করেছে এই মৌসুমে মোস্তাফিজের মোহামেডানে খেলার কোনো সম্ভাবনা নেই।
নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মোস্তাফিজুর রহমান আবাহনী ডেরায় যোগ দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জুন নবম রাউন্ডের ম্যাচে আকাশী নীল জার্সিতে অভিষেক হতে পারে তার।
বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে আবাহনী। সেই ম্যাচেই কাটার মাস্টার খ্যাত এই পেসারকে বল হাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএন/ ২ জুন ২০২৬






