সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টুয়েন্টিতে মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেয় দুবাই ক্যাপিটালস। প্রতিযোগিতায় অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট পেলেন বাংলাদেশের এ পেসার। পুরো ম্যাচ জুড়েই করলেন দারুণ বোলিং। কিন্তু অভিষেকে হার দেখতে হল কাটার মাস্টারকে। ৪ উইকেটে হেরেছে দুবাই ক্যাপিটালস।
দুবাইয়ে আইএল টি-টুয়েন্টির পঞ্চম ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে শনিবার রাতে টসে হেরে আগে ব্যাটে নামে দুবাই। ব্যাটে নেমে সেদিকুল্লাহ আতাল ও জর্ডান কক্সের দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস এবং শেষ দিকে দাসুন শানাকার ৯ বলে ২৩ রানের ক্যামিওতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে দুবাই। রান তাড়ায় নেমে পাথুম নিশাঙ্কার দারুণ ইনিংসে ৪ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে গালফ জায়ান্টস।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা গালফকে দ্বিতীয় ওভারে বল করতে এসেই ধাক্কা দেন মোস্তাফিজ। কাটার মাস্টারের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। ৬ বলে ৯ রান করেন এ আফগান ওপেনার।
তবে চাপ সামলে বড় জুটি গড়েন নিশাঙ্কা ও ভিন্স। ৬০ বলে ৯৭ রানের এই জুটি ১২তম ওভারে এসে ভাঙেন মোস্তাফিজই। ৩১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলা নিশাঙ্কাকে কক্সের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন কাটার মাস্টার।
পরপর দুই ওভারে অধিনায়ক মঈন আলীর ৫ বলে ২ রানে ও ১২ বলে ১৪ রান করা আজমতউল্লাহ ওমরজাইকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শানাকা। তবে ঠাণ্ডা মাথায় ফিফটি তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেমন্স ভিন্স। ৪৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রান করে অপরাজিত থাকেন মার্ক অ্যাডায়ার। দুবাইয়ের হয়ে ৪ ওভার বল করে ২৬ রান খরচায় ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ।
এর আগে টস জিতে ব্যাটে নেমে দলীয় প্রচেষ্টায় চ্যালেঞ্জিং স্কোর গড়ে দুবাই। সেদিকুল্লাহ আতাল ২৫ বলে ২টি করে চার ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। ঝড় তুলেছিলেন কক্স। ১৭ বলে দুটি করে চার-ছক্কায় তিনি করেন ৩১ রান। এছাড়া ডেভিড উইলির ২৯, শানাকার ২৩ ও নিশামের ব্যাট থেকে আসে ১৬ রান। ওমরজাই ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৩ উইকেট।



