মোটরসাইকেলের ওপর সম্ভাব্য অগ্রিম আয়কর (এআইটি) আরোপের প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বাইকাররা।
রোববার দুপুরে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেলচালকেরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০ মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়। প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বাইকারদের পক্ষ থেকে বলা হয়: আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের আয়করের আওতায় এনে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে।
তারা বলেন, মোটরসাইকেল এখন আর বিলাসিপণ্য নয়; বরং অনেক মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনীয় বাহন। মোটরসাইকেল কেনার সময়ই ক্রেতাদের বিভিন্ন ধরনের শুল্ক ও কর পরিশোধ করতে হয়। এর পর আবার বার্ষিক কর আরোপ করা হলে সাধারণ ব্যবহারকারীরা আরও ভোগান্তিতে পড়বেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অনেক মানুষ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। তাই মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া বাইকাররা জানান, এ বিষয়ে তারা এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেবেন।
মানববন্ধনের কারণে সড়কের এক পাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।




