
মোংলা, ২৯ মার্চ – বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কম্পানি লিমিটেডের অয়েল ইনস্টলেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত একটার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এই ঝটিকা অভিযান চালানো হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের উপস্থিতিতে অভিযানকারী দল প্রতিষ্ঠানটির তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ করে। একই সাথে সংশ্লিষ্ট কাগজপত্র কঠোরভাবে যাচাইবাছাই করা হয়। এই তল্লাশির সময় সেখানে প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেলের অবৈধ মজুদ পাওয়া যায়।
অবৈধভাবে মজুদ করা এই বিপুল পরিমাণ তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সার্বিক তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস জানিয়েছেন, এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন বিপিসি কর্তৃপক্ষই এই বিষয়ে পরবর্তী সব ধরনের আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এ এম/ ২৯ মার্চ ২০২৬




