মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর | চ্যানেল আই অনলাইন

মেট্রোরেলে চলাচলে বাড়ছে সময়, রোববার থেকে কার্যকর | চ্যানেল আই অনলাইন

রাজধানীর মেট্রোরেলে রাতের চলাচলের সময় উভয় দিক থেকে আরও ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন এ সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরা রুটে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এই ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছাড়ত রাত সাড়ে ৯টায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতের সময় বাড়ানোর বিষয়টি পরীক্ষামূলকভাবে গত এক মাস ধরে যাচাই করা হয়েছে। আগামীকাল থেকে যাত্রী পরিবহন শুরু হবে নতুন সূচিতে। তবে শুরুতে বাড়তি ২০ মিনিটে প্রতিটি দিক থেকে একটি করে ট্রিপ চালানো হবে, ফলে দুই ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান বজায় থাকবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, রাতের সময় একসঙ্গে আরও বেশি বাড়ানোর পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত যাত্রী প্রবাহ নিশ্চিত না হওয়ায় ধাপে ধাপে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও আধা ঘণ্টা পর্যন্ত রাতের চলাচল বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, “রাতে দুই দিকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সময় আরও বাড়ানো হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায় থেকে আসবে।”

বর্তমানে প্রতিদিন সকালে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সোয়া ৭টায়। সকালে চলাচলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল সূত্র অনুযায়ী, বর্তমানে দিনে ২৯৭টি ট্রিপ পরিচালিত হয়। সময় বাড়ানোর ফলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে এবং প্রায় ১৪ সেট ট্রেন সার্বক্ষণিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের নকশা অনুযায়ী মেট্রোরেল সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলাচলের সক্ষমতা রাখে। তবে লোকবল সংকটসহ বিভিন্ন কারণে সময়সূচি ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে।

বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে প্রায় সোয়া চার লাখ যাত্রী যাতায়াত করছেন। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে যাত্রী সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা–আগারগাঁও অংশে মেট্রোরেল চালু হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণ করা হয়।

Scroll to Top