মুম্বাই সিটি ছেড়ে দিল ম্যানচেস্টার সিটির মালিকপক্ষ | চ্যানেল আই অনলাইন

মুম্বাই সিটি ছেড়ে দিল ম্যানচেস্টার সিটির মালিকপক্ষ | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে প্রায় ১৫টি ক্লাবের মালিকানা আছে সিটি ফুটবল গ্রুপের (সিএফজি)। তাদের সফল ক্লাবগুলোর মধ্যে অন্যতম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এছাড়াও আছে নিউয়র্ক সিটি এফসি, মেলবোর্ন সিটি এফসি এবং মুম্বাই সিটি এফসি। এবার মুম্বাই সিটির মালিকানা ছেড়ে দিল সিটি ফুটবল গ্রুপ। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাবটি জানিয়েছে, ভারতীয় ফুটবলের জন্য এটি একটি বড় ধাক্কা।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মুম্বাই সিটি এফসি নিশ্চিত করছে যে, সিটি ফুটবল গ্রুপ লিমিটেড (সিএফজি) তাদের ক্লাবের শেয়ারহোল্ডিং বিক্রি করে দিয়েছে। এখন থেকে ক্লাবের প্রতিষ্ঠাতা মালিকরাই পুরোপুরি সংগঠনের নিয়ন্ত্রণ নেবেন।’

‘২০১৯ সাল থেকে সিএফজি ও মুম্বাই সিটি এফসি একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে, দুটি আইএসএল লিগ উইনার্স শিল্ড এবং দুটি আইএসএল কাপ জয় করেছে। ক্লাবের ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে এবং ভারতে ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

‘ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার প্রেক্ষিতে একটি বিস্তৃত বাণিজ্যিক পর্যালোচনার পর সিএফজি এই সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ সিএফজির সুশৃঙ্খল ও কৌশলগত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন, যাতে তারা এমন ক্ষেত্রেই মনোযোগ দিতে পারে, যেখানে দীর্ঘমেয়াদে সর্বোচ্চ প্রভাব ফেলতে সক্ষম হয়।’

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) মধ্যে মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্টের মেয়াদ ৮ ডিসেম্বর শেষ হয়ে গেছে। এফএসডিএল ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করেছিল। মেয়াদ শেষ হওয়ার কারণে ২০২৫-২৬ মৌসুম এখনও শুরু হয়নি।

নতুন বাণিজ্যিক অংশীদার খুঁজতে ভারতীয় ফেডারেশন সেপ্টেম্বর মাসে দরপত্র ডেকেছিল, কিন্তু কোনো দরপত্র জমা পড়েনি। এর ফলে একাধিক ক্লাব তাদের প্রথম দলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, আর অনেক ফুটবলার প্রকাশ্যে লিগ দ্রুত শুরুর দাবি জানিয়েছেন।

ভারত এক আশঙ্কাজনক পরিস্থিতির সামনে, যেখানে প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ স্তরের ফুটবল না হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এশিয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও শূন্যে নেমে আসতে পারে, কারণ কোনো ক্লাবকে যোগ্য হতে হলে একটি মৌসুমে অন্তত ২৭টি ম্যাচ খেলতে হয়।

Scroll to Top