মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ফ্রান্সের জাতীয় পতাকার নীল–সাদা–লাল ও বাংলাদেশের জাতীয় পতাকার লাল–সবুজ রঙের চারটি প্রদর্শন বোর্ডে বিভিন্ন ছবি, পত্রপত্রিকার কাটিং ও গ্রাফিকস দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। ভেতরে প্রবেশ করে দর্শকেরা পূর্ব পাশের বোর্ডগুলোতে দেখতে পাবেন ফ্রান্সে অবস্থান করে মুক্তিযুদ্ধের সময় মালরো যে ভূমিকা রেখেছেন, সেগুলো। মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে লেখা চিঠি, টাইম সাময়িকীর প্রচ্ছদ ও সাক্ষাৎকার, জহির রায়হানের চিঠির জবাব—এমন অনেক বিষয়।

পশ্চিম পাশের বোর্ডগুলো সাজানো হয়েছে ১৯৭৩ সালে মালরোর বাংলাদেশ সফর দিয়ে। বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা, তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন, হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের দেখতে গেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাঁকে সম্মানসূচক ডি–লিট প্রদান করা হচ্ছে—এমন অনেক ছবি আর স্থানীয় দৈনিক পত্রিকায় তাঁর সফরকালের প্রতিবেদন রয়েছে এখানে।

দুই পাশের প্রদর্শন বোর্ডের মাঝবরাবর দক্ষিণ পাশে একটি এলইডি মনিটরে দেখানো হচ্ছে তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র। আর পশ্চিম প্রান্তে রয়েছে একটি বড় ছবির কাটআউট। হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মালরোকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। মালরো সেই মালা আবার ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, ‘আমাকে নয়, মালাটি তোমাকেই দেওয়া উচিত।’ তিনি খানিকটা দূরে চলে এলে সেই আহত মুক্তিযোদ্ধা আরেকটি মালা নিয়ে ছুটে এসে মালরোকে পরিয়ে দেন। তখন এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। আলোকচিত্রীরা ক্যামেরাবন্দী করেছিলেন সেই দৃশ্য। সাংবাদিকেরা তুলে ধরেছিলেন মালরোর বক্তব্য।

অভিভূত মালরো বলেছিলেন, ‘ফ্রান্সের তাৎপর্য এই যে সে দেশ একজনকে পাঠিয়েছে এই সব আহত ব্যক্তির সঙ্গে হাত মেলানোর জন্য, আর তার বিনিময়ে এই হাতগুলো নিয়ে এসেছে ফুল আর ফুল আর ফুল।’

Scroll to Top