
ঢাকা, ১৭ নভেম্বর – রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা।
সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পুরোনো পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এ গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারির দোকানে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার মাথা, বুকে ও পিঠে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম এ প্রতিবেদককে বলেন, গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫





