জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী প্রথমবারের মতো মালয়েশিয়া গেছেন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে এনটিভি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূজা।
তিনি বলেন, বিয়ে নিয়ে এখনই ভাবছেন না, আরও চার-পাঁচ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায়।

বিয়ে নিয়ে কুয়ালালামপুরে প্রবাসী সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘বিয়ে মানেই তো সবশেষ, এখনও সেটেল হইনি, বহুদুর যেতে চাই, মাঝপথে আটকে যেতে চাই না, মাঝপথে আটকানোর জন্য পূজা চেরী আসেনি।’
শাকিব খানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক এবং জনপ্রিয়তায় তার আশপাশেও কেউ নেই বলেও মনে করেন তিনি।

রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’তে পূজার চরিত্র উপভোগ্য ও ব্যাতিক্রমি ছিলো। এ ধরনের চরিত্র পেলে আরো ওয়েব সিরিজ করতে চান বলে মন্তব্য করেন পূজা চেরী। এই অভিনেত্রী বলেন, ‘চমক নিয়ে আবার আসছি পর্দায়, তবে তা এখনই প্রকাশ করতে চাই না।’
শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিলো না উল্লেখ করে পূজা বলেন, ‘এখনও অনেক স্বপ্ন অপূর্ণ রয়েছে, ভালো কাজ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই।’

ঢালিউডের এ গ্ল্যামার গার্ল বলেন, ‘‘শাবানা ম্যাডামের ‘ভাত দে’ কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার ‘বারফি’র মতো চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’’
সংক্ষিপ্ত এই সফর শেষে দ্রুতই দেশে ফিরবেন পূজা চেরী।



