মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি – DesheBideshe

মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি – DesheBideshe

মার্চেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তির আশা ট্রাম্পের, ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি – DesheBideshe

ওয়াশিংটন, ১৩ ফেব্রুয়ারি – ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আগামী মাস অর্থাৎ মার্চেই তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যদি তা না হয়, তাহলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটবে বলে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সামনের মাসের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে বলে তিনি মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে, অন্যথায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি চুক্তির পথে না এগোয়, তবে ফের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ শুরু হবে এবং এবারের অভিযান হবে আরও বিধ্বংসী।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দুই যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পায়। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জুন মাসে ইরান-ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র এবং সে সময় তেহরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়নি।

গত ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে বিশাল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানবাহী যুদ্ধজাহাজ ও বিপুল সংখ্যক রণতরী টহল দিচ্ছে। তবে এর মধ্যেই জানুয়ারির শেষ দিক থেকে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক চলছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, মাস্কাটে চলমান এই আলোচনা এখন পর্যন্ত ইতিবাচক দিকেই এগোচ্ছে।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top