মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়তে জরুরি নির্দেশ | চ্যানেল আই অনলাইন

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়তে জরুরি নির্দেশ | চ্যানেল আই অনলাইন

মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগ করার জন্য জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সতর্কতায় বলা হয়েছে, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে এখনই চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

আজ (৩ মার্চ) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল ফেসবুক পোস্টে এই সতর্কতা জানানো হয়।

সতর্কতায় যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নাগরিকদের জন্য পরামর্শ দিয়ে জানায়, যত দ্রুত সম্ভব উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইট বা অন্যান্য পরিবহনের মাধ্যমে দেশ ত্যাগ করুন। যদি সহায়তার প্রয়োজন হয়, ২৪ ঘণ্টার হটলাইনে যোগাযোগ করুন (+১-২০২-৫০১-৪৪৪৪ এবং যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে: +১-৮৮৮-৪০৭-৪৭৪৭)। নিরাপত্তা আপডেট পেতে step.state.gov সাইটে এনরোল করুন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি, আকাশপথ বন্ধ হওয়া এবং বিমানবন্দরগুলোতে বিঘ্নের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। কিছু দেশে আমেরিকান দূতাবাস সীমিত কার্যক্রম চালাচ্ছে বা বন্ধ রয়েছে, এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদেরও সতর্ক থাকার এবং নিজ নিজ দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ আঞ্চলিক অস্থিরতা যেকোনো সময় আরও ছড়িয়ে পড়তে পারে।

Scroll to Top