জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (২৮ মার্চ) শনিবার তার ছেলে শাহরুখ হাফিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১টা ২৯ মিনিটে তার মৃত্যু হয়। আগামী পরশু সকাল ১১টায় সাউথ প্লাজা ন্যাশনাল পার্লামেন্টে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মেজর (অব.) হাফিজের একান্ত সচিব (পিএস) মো. বাচ্চুও চ্যানেল আইকে দিলারা হাফিজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন দিলারা হাফিজ। প্রথমে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।



