মারা গেছেন ‘ক্যান্ডিম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টোনি টড। বুধবার (৬ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মেরিনা ডেল রের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তবে কী কারণে টোনির মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
ইনসমনিয়াক গেমস স্টুডিও তাদের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের বন্ধু টোনি টডের মৃত্যুতে শোকস্তব্ধ ইনসমনিয়াক গেমস। মার্ভেলের ‘স্পাইডার ম্যান টু’ প্রযোজনার সময় তিনি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন আমাদের স্টুডিওতে।’
মঞ্চ থেকে শুরু হলেও টনি টড পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। কয়েক দশক থেকে হলিউডে দাপিয়ে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, ছড়িয়েছিল অভিনেতার ক্যারিয়ার।
‘ক্যান্ডিম্যান’ ছবির হাড়হিম করা খুনির চরিত্রে নজর কাড়েন টনি। অনুরাগীদের মনে গেঁথে আছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়। এর পাশাপাশি ‘স্পাইডার ম্যান টু’ ছবিতে ভেনমের চরিত্রও সাড়া ফেলেছিল।

হরর ঘরনার ছবিতে তার অবদান রয়েছে। বিশেষ করে ‘ক্যান্ডিম্যান’ ছবিতে তার মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ‘নিউ ইয়র্ক সিটি হরর ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

২৪০টিরও বেশি সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনে তিনি কাজ করেছেন। যার মধ্যে ‘প্লাটুন’, ‘নাইট অফ দ্য লিভিং ডেড’-এর ১৯৯০ সংস্করণ, ‘দ্য ক্রো’ উল্লেখযোগ্য। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ফাইনাল ডেস্টিনেশন-ব্লাডলাইনস’। যেটি মুক্তি পেতে পারে ২০২৫ সালে।-বিবিসি



