
মানিকগঞ্জ, ৬ ফেব্রুয়ারি – মানিকগঞ্জের দৌলতপুরে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট মিষ্টির শিরা ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী
। বৃহস্পতিবার উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় শুভরাজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে গড়ে ওঠা ওই কারখানায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত দল হানা দেয়। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও নষ্ট মিষ্টির শিরা ব্যবহার করে মিষ্টি এবং চকলেট তৈরি করা হচ্ছে। বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তোলার সময় বিপুল পরিমাণ ভেজাল সন্দেশ ও চকলেট জব্দ করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য এর আগেও ২০২৫ সালে একই কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছিল। দৌলতপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলাম জানান ওই এলাকায় অনুমোদনহীন আরও প্রায় ১৫টি কারখানা কার্যক্রম চালাচ্ছে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬





